• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম


ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃ’ত বেড়ে ৩২, আহ’ত অন্তত ৭০০

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুন ২০২৬ ২:৪৭ পিএম

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৭০০ জনকে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

এর আগে বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল। এর মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্যে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসাবে, এতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৩০ শতাংশ।

মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পে ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগের প্রভাব সামনে আরও বিস্তৃত হতে পারে।

এদিকে ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মাণ করা হয়নি। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে ইতোমধ্যে বহু ভবন ও বাড়িঘর ধসে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর থেকে রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা এবং দেশের বিভিন্ন শহর ও গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে।

/এসএন