গাজার তরুণ আব্দুল জাওয়াদ আবু আল লাব্বান নতুন জীবনের স্বপ্ন বুনছিলেন। যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপের মাঝেও তিনি চেয়েছিলেন একটি ছোট সংসার গড়ে তুলতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
আজ শুক্রবার ছিল তার বিয়ের দিন। বিয়েকে ঘিরে নিজের ও হবু স্ত্রীর জন্য প্রয়োজনীয় কেনাকাটাও সম্পন্ন করেছিলেন তিনি। কয়েকদিন ধরে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দিচ্ছিলেন। শরণার্থী শিবিরজুড়ে আনন্দের বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত ছিলেন এই তরুণ।
কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গতকালও তিনি বিয়ের দাওয়াতপত্র বিলি করতে বেরিয়েছিলেন। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
একদিন পর যে তরুণের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, তিনি ফিরে এলেন নিথর দেহ হয়ে।
হবু স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার হবু স্ত্রী। পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
আব্দুল জাওয়াদের এই করুণ পরিণতি শুধু একজন মানুষের গল্প নয়। এটি গাজার লাখো মানুষের অপূর্ণ স্বপ্ন, হারিয়ে যাওয়া ভবিষ্যৎ এবং যুদ্ধের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। এমন অসংখ্য পরিবার প্রতিদিন প্রিয়জন হারাচ্ছে, ভেঙে যাচ্ছে বিয়ের আয়োজন, থেমে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ।
একটি বিয়ের উৎসব যেখানে আনন্দের উপলক্ষ হওয়ার কথা ছিল, সেখানে নেমে এসেছে শোকের ছায়া। আরেকটি স্বপ্ন হারিয়ে গেছে যুদ্ধের আগুনে।
সূত্র: স্থানীয় সূত্র
/এএসএফ