গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভিডিও সাংবাদিক আহমেদ উইশাহ। শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থলে অবস্থিত আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় তিনি প্রাণ হারান।এক বিবৃতিতে আল জাজিরা জানিয়েছে, নিহত আহমেদ উইশাহ প্রতিষ্ঠানটির ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চ্যানেলটির এক প্রতিবেদকের বরাতে বলা হয়েছে, হামলায় আহমেদ উইশাহ নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি সরাসরি আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এটি উইশাহ পরিবারের জন্য দ্বিতীয় বড় ট্র্যাজেডি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও ইসরায়েলি গোলার আঘাতে নিহত হন। সে সময় তিনি একটি গাড়িতে ভ্রমণ করছিলেন।অন্যদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সদস্য ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই “নির্দিষ্ট” হামলা পরিচালনা করা হয়।
পরে শনিবার গভীর রাতে আইডিএফ আরও দাবি করে, আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সঙ্গেও যুক্ত ছিলেন। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, তিনি গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে স্নাইপার হামলার পরিকল্পনায় ভূমিকা রাখতেন। তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম অধিকারবিষয়ক সংগঠন Reporters Without Borders জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৭০ জন দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন।গাজায় চলমান সংঘাতের মধ্যে সাংবাদিকদের হতাহতের এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা
/বিএসএস