• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম


পানিবন্টন ইস্যুতে ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিল পাকিস্তান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১২:১৬ পিএম

ভারতের সঙ্গে পানি বণ্টন ইস্যুতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু নদ জলচুক্তি স্থগিতের পর সৃষ্ট পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন।

শনিবার (২০ জুন) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা, এবং পানি আমাদের জাতীয় নিরাপত্তারই অংশ, হুমকির মুখে পড়েছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। অবশ্যই।”

তিনি দাবি করেন, ভারত যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করার জন্য উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেয় এবং ইসলামাবাদ তার সুনির্দিষ্ট প্রমাণ পায়, তাহলে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।

পাকিস্তানের এই বক্তব্যের পেছনে রয়েছে গত এপ্রিল মাসে পাহলগামে সংঘটিত একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। ওই হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সরকার ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদ জলচুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।

নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসী নেটওয়ার্ক ও অবকাঠামো ধ্বংসে দৃশ্যমান ও নির্ভরযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত সিন্ধু নদ জলচুক্তির আওতায় পাকিস্তান সাধারণত সিন্ধু অববাহিকার প্রায় ৮০ শতাংশ পানি ব্যবহারের অধিকার পেয়ে থাকে। তবে বর্তমানে দেশটির অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনার দুর্বলতা এবং অব্যবস্থাপনার কারণে বিশাল কৃষি খাত সংকটের মুখে পড়েছে।

খাজা আসিফ অভিযোগ করেন, ভারত পানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তার দাবি, চেনাব নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্যও গোপন রাখা হচ্ছে।

তবে একই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, গত এক বছরে ভারতের জলপ্রকল্পগুলোতে কী ধরনের পরিবর্তন হয়েছে সে বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। যদিও তিনি বলেন, অতীতে পাকিস্তানি প্রতিনিধিরা ভারতের বিভিন্ন জলপ্রকল্প প্রায় ১১৫ বার পরিদর্শন করেছিলেন।

অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উদ্বেগজনক। দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে তীব্র পানিসংকটে ভুগছেন।

সিন্ধু প্রদেশের সেচ বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম খালে পানির ঘাটতি ৬৪ দশমিক ১ শতাংশ, রাইস খালে ৩৮ শতাংশ এবং দাদু খালে ৮২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। দক্ষিণ পাকিস্তানের গুরুত্বপূর্ণ সুক্কুর ব্যারাজেও পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে গেছে।

বিশেষজ্ঞদের মতে, প্রদেশগুলোর মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক বিরোধ এবং সরকারের ব্যর্থ ব্যবস্থাপনাই বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ।

ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে তৈরি হওয়া এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে পানি সম্পদকে কেন্দ্র করে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

/এএসএফ