ছবি: সংগৃহীত
চিকিৎসকদের মতে, করোনা ভাইরাসের তুলনায় হাম ৬ থেকে ৮ গুণ বেশি সংক্রামক এবং এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও প্রতিদিনই নতুন করে হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। যদিও অনেক শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তবুও নতুন রোগীর চাপ কমেনি।
চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স ৯ মাসের কম। অপুষ্টির কারণে অনেক শিশুর অবস্থার অবনতি হচ্ছে এবং জটিলতা বাড়ছে।
হামে আক্রান্ত শিশুদের মধ্যে খেতে না পারা, চোখ ও মুখে র্যাশ দেখা দেওয়ার মতো উপসর্গ বেশি দেখা যাচ্ছে, যা অভিভাবকদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।
মহাখালী ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং এটি বিশেষ করে শিশুদের বেশি আক্রান্ত করে। তিনি আরও জানান, মায়ের শরীরে যদি হামের প্রতিরোধক্ষমতা না থাকে, তাহলে তা সন্তানের শরীরে পৌঁছায় না, ফলে শিশুর ঝুঁকি আরও বেড়ে যায়।
