নিজের আসন্ন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’ মুক্তির আগে প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করতে রাজি নন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল।ভারতের পাশাপাশি পাকিস্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘সিং সাব দ্য গ্রেট’ খ্যাত এই অভিনেতা বলেন, ভারত ও পাকিস্তানের একটি যৌথ ইতিহাস রয়েছে। সেই কারণেই তিনি প্রতিবেশী দেশটি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে চান না।পারিবারিক সম্পর্কের উদাহরণ টেনে সানি দেওল তার বাবা, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে বলেন, ‘ভারত আমাদের মায়ের মতো, আর পাকিস্তান হলো আমাদের মাসি।’অবিভক্ত ভারতের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ একসময় একই ভূখণ্ডের অংশ ছিল এবং এখনো নানা দিক থেকে তাদের সম্পর্ক যুক্ত রয়েছে।সানির ভাষায়, ‘আমরা আবেগ নিয়ে কথা বলি না, কারণ একসময় পুরো দেশটি একই ছিল। আমার বাবা যেমনটি বলতেন— একটি আমাদের মা, আর অন্যটি মাসি। কোনো না কোনোভাবে আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত।’চলচ্চিত্র ও বিনোদনকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে সানি দেওল বলেন, ‘আমরা অভিনেতা ও গল্পকার। আমরা গল্প নির্বাচন করি এবং সিনেমা নির্মাণ করি। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আর আমরা তা করতেও চাই না। সেই কারণেই এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
/বিএসএস