• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম


অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ১:৩৯ পিএম

চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। চিকিৎসাধীন অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে চিকিৎসকরা আর উন্নতির সুযোগ নেই জানালে শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর রাতেই তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
তারিকুজ্জামান তপন দীর্ঘ সময় ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তিনি দর্শকের কাছে জনপ্রিয়তা পান। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া নাটকে তিনি ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’সহ বহু কাজের মাধ্যমে পরিচিতি অর্জন করেন।