গানের প্রতি ভালোবাসা থেকেই অস্ত্রোপচারের সময়ও গান থামাননি ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অস্ত্রোপচার চলার সময় চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান শুনিয়েছেন তিনি। সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাধারণত অস্ত্রোপচারের আগে কিংবা অস্ত্রোপচার চলাকালে রোগীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে। তবে সোনু নিগমের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। শারীরিক অস্বস্তির মধ্যেও গান গেয়ে নিজেকে স্বাভাবিক রাখার পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসাকর্মীদেরও আনন্দ দিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে প্রকাশিত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু নিগম লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’
ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলার সময়ও তার কণ্ঠে গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়।
সোনু নিগমের এমন ইতিবাচক মনোভাব ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন তার ভক্তরা। অনেকের মতে, কঠিন পরিস্থিতিতেও সংগীত কীভাবে একজন মানুষকে স্বস্তি ও মানসিক শক্তি জোগাতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ।
তবে সোনু নিগম কী ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।
/এসএন