• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ এএম


মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ২ লাখ টিকিট বিক্রি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৮:৪০ পিএম

মুক্তির এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক ছুঁয়েছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দেশটির শীর্ষ মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রথম দিনের প্রদর্শনীর জন্য ইতোমধ্যেই দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতের জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স এবং সিনেপোলিস—এই তিন প্রতিষ্ঠানে ছবিটির উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

ছবিটি অগ্রিম বুকিং শুরু হওয়ার পরপরই ৮০ হাজার টিকিট বিক্রির মাইলফলক স্পর্শ করে। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজারে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টিকিট বিক্রি দুই লাখ অতিক্রম করায় বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে এ সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

ভারতে আগামী ৩০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত মুক্তির তারিখের ঠিক একদিন আগে। ফলে বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় দর্শকরা। এ কারণেই দেশটিতে ছবিটিকে ঘিরে বাড়তি আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ভারতে হলিউড সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এবং সর্বোচ্চ আয়ের উদ্বোধনী রেকর্ড গড়তে পারে।

/এসএন