• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম


বাংলাদেশের খিচুড়ি, চা ও বিরিয়ানির প্রশংসায় পঞ্চমুখ আতিফ আসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:০৫ পিএম

কনসার্টে অংশ নিতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) রাতে তিনি ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই শিল্পী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাবার নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আতিফ আসলাম জানান, বাংলাদেশের খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় খিচুড়ি। তিনি বলেন, ‘আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দেই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।’

বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আতিফ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। তো, প্রসংক্রমে তিনি গান ধরেন “ও লাল মেরি”, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।’

বাংলাদেশে তার কোনো আত্মীয় রয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে আতিফ আসলাম বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।’

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট। এ আয়োজনে তার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’-ও সংগীত পরিবেশন করবে।

/এসএন