• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ এএম


আমির খানের বিয়ে নিয়ে বিত’র্ক, ‘অ বৈধ’ দাবি করে ফতোয়া জারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৭:৪৪ পিএম

বলিউড অভিনেতা আমির খানের সাম্প্রতিক বিয়েকে কেন্দ্র করে ভারতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের এক মুসলিম ধর্মীয় নেতা দাবি করেছেন, হিন্দু নারী গৌরী স্প্র্যাট ইসলাম ধর্ম গ্রহণ না করেই আমির খানকে বিয়ে করায় শরিয়াহর দৃষ্টিতে এই বিয়ে বৈধ নয়। এ অভিযোগ তুলে তিনি আমির খানের বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংশ্লিষ্ট ধর্মীয় নেতার বক্তব্য অনুযায়ী, ইসলামি শরিয়াহর ব্যাখ্যায় কোনো মুসলিম পুরুষ যদি অমুসলিম নারীকে ইসলাম গ্রহণ ছাড়াই বিয়ে করেন, তাহলে সেই বিয়ে শরিয়াহ অনুযায়ী স্বীকৃতি পায় না।

তিনি আরও দাবি করেন, আমির খান দেশের একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। ফলে তার এমন সিদ্ধান্ত সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তবে উল্লেখ্য, ফতোয়া কোনো রাষ্ট্রীয় বা আদালতের আইনগত আদেশ নয়। এটি একটি ধর্মীয় মতামত বা ব্যাখ্যা মাত্র। ভারতের প্রচলিত আইনে ফতোয়ার নিজস্ব কোনো বাধ্যতামূলক আইনগত ক্ষমতা নেই।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। জানা গেছে, তাদের বিয়ে ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং গৌরী স্প্র্যাট নিজের ধর্ম পরিবর্তন করেননি।

বিয়ের অনুষ্ঠানে আমির খানের সন্তান ইরা, জুনায়েদ ও আজাদসহ দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, ফতোয়া জারির খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

/এসএন