চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। একই সঙ্গে তিনি আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এ আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।
বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস, সচেতনতা ও শিক্ষার প্রতি তাদের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি লেখেন, শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মের এই নিষ্ঠাই একদিন ভারতকে গর্বিত করবে।নিজের পোস্টে সালমান খান বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এই আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র শিক্ষার্থীদের প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও লেখেন, “প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা।
এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি বিশ্বাস করি, সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।”পোস্টের শেষাংশে সালমান খান বলেন, দেশে শিক্ষাকে এমন একটি ইতিবাচক সংস্কৃতিতে পরিণত করা উচিত, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনা করতে আগ্রহী হয়।উল্লেখ্য, ভারতের রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এর আগেও বলিউডের একাধিক তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। তারা সবাই দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন।
/বিএসএস