• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ এএম


দিল্লি পুলিশের লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ, বললেন ‘গুন্ডা’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুলাই ২০২৬ ৪:১৪ পিএম

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের একদিন পর ভিডিও বার্তায় তিনি এ ঘটনার নিন্দা জানান।মঙ্গলবার গভীর রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে নাসিরুদ্দিন শাহর ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়। সেখানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।ভিডিও বার্তায় তিনি বলেন, “যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের প্রসঙ্গ টেনে নাসিরুদ্দিন শাহ বলেন, “এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি।”তিনি আরও বলেন, “এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ সাহস না হারানোর আহ্বান জানান। তিনি বলেন, “আমি তরুণ-তরুণীদের বলতে চাই, তোমরা সাহস হারিও না। অনেক মানুষের সহানুভূতি তোমাদের সঙ্গে আছে। অনেক মানুষ তোমাদের পাশে রয়েছে। তোমরা লড়াই চালিয়ে যাও। আমাদের দেশের তরুণ প্রজন্মের ওপর আমার সব সময়ই আস্থা ছিল। এখন সেই আস্থা আরও দৃঢ় হয়েছে। তোমরা তোমাদের ন্যায্য লড়াই চালিয়ে যাও। আমরা তোমাদের সঙ্গেই আছি।”

/বিএসএস