• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম


আর্জেন্টিনা জিতলে বিয়ে! বিয়ের ঘোষণা দিয়েই বিপাকে পরীমণি, আসছে অসংখ্য বিয়ের প্রস্তাব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ১১:৫৪ পিএম

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন মন্তব্য করে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে মজার ছলে দেওয়া সেই ঘোষণার পর অসংখ্য বিয়ের প্রস্তাব পেয়ে বেশ বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি ঘোষণা দেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তিনি আবার বিয়ে করবেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হঠাৎ করেই বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টিকে এত সিরিয়াসভাবে নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না—কী করব।’

তবে আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে পরীমণি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’

তার বক্তব্য থেকে স্পষ্ট, আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতলেও তিনি তাৎক্ষণিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন না।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা পরীমণির একাধিক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা এর আগেও শোবিজ অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক পুত্রসন্তান রয়েছে। পরে দাম্পত্য কলহের জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছেলে পুণ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

/এসএন