• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম


গ্রেপ্তার, কারাবাস ও হারানো সম্মান নিয়ে দীর্ঘ স্ট্যাটাসে পরীমনির আবেগঘন বক্তব্য

‘আমার সম্মান কি ফিরিয়ে দিতে পারবে রাষ্ট্র?’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১:৪০ পিএম

চার বছর আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে ঘিরে প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাজীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, হারিয়ে যাওয়া সম্মান, সময় ও মানসিক শান্তি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব কি না।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান পরীমনি। তিনি বলেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া খাইরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে যে, বনানীর বাসায় দীর্ঘ অভিযান চালানোর পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

নিজের জীবনের ওই অধ্যায়কে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে উল্লেখ করে পরীমনি লিখেছেন, ঘটনাটি একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তাকে গভীরভাবে আঘাত করেছে। তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার প্রভাব তার ব্যক্তিগত জীবন, সামাজিক অবস্থান এবং পেশাগত ক্যারিয়ারে ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে।

তিনি আরও দাবি করেন, পরে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, তা আল্লাহ এবং তিনি ছাড়া আর কেউ পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না বলেও উল্লেখ করেন।

পরীমনির দাবি, গ্রেপ্তারের পর থেকে আজও তিনি সেই ঘটনার ভুক্তভোগী। তার ভাষায়, যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

রাষ্ট্রের উদ্দেশে তিনি একাধিক প্রশ্নও তুলেছেন। তিনি জানতে চান, তার হারিয়ে যাওয়া সময়, সম্মান এবং মানসিক শান্তি কি ফিরিয়ে দেওয়া সম্ভব? পাশাপাশি মানুষের মনে তাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি হয়েছে, রাষ্ট্র তার দায় নেবে কি না—সেই প্রশ্নও করেন তিনি।

তবে অতীতের ঘটনার প্রতিশোধ নয়, বরং সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার একমাত্র প্রত্যাশা বলে উল্লেখ করেছেন পরীমনি। তিনি লিখেছেন, তিনি কাউকে ছোট করতে বা অপমান করতে চান না। বরং ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন, সেটিই তিনি চান।

দীর্ঘ স্ট্যাটাসের শেষাংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না; বরং সামনে এগিয়ে যেতে চান। নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই বাকি জীবন কাটানোর ইচ্ছার কথাও জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে নিজের বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় তার বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধারের অভিযোগ আনা হয়। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এর আগে ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, একই ঘটনার জেরে ২০২২ সালের ১৮ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার আদালতে একটি নালিশি মামলা করেন। তার অভিযোগ ছিল, ঢাকা বোট ক্লাবে অ্যালকোহল বিনা মূল্যে দিতে অস্বীকৃতি জানানো হলে পরীমনি তাকে গালাগাল করেন এবং গ্লাস ছুড়ে মারেন। মামলাটিও বর্তমানে বিচারাধীন রয়েছে।

/এসএন