• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম


পরীমনিকে ঘিরে গুঞ্জনের অবসান, বাগদান সম্পন্ন শেখ সাদীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১:৪৬ এএম

সংগীতাঙ্গনের পরিচিত মুখ শেখ সাদীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে অভিনেত্রী পরীমনিকে ঘিরে তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছিল।

সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে শেখ সাদী ও পরীমনিকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। একটি মামলায় পরীমনির জামিনদার হিসেবে শেখ সাদীর নাম সামনে আসার পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার নিজের বিয়ের প্রস্তুতির খবর জানিয়েছেন এই সংগীতশিল্পী।

এরই মধ্যে তার বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আংটিবদলের অনুষ্ঠান। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ সাদী। বর্তমানে চলছে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতি।

এক সাক্ষাৎকারে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল অনেকটাই হঠাৎ। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে এসেছিলেন। সে সময় পারিবারিকভাবে তার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করা হলে তিনি তাতে সম্মতি দেন। এরপর দুই পরিবারের উদ্যোগেই আয়োজন করা হয় আংটিবদলের।

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আংটিবদলের অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, ‘ললনা’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন সামিরা খান মাহি।