• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ এএম


বিজয়ের পর রাজনীতিতে আসছেন জুনিয়র এনটিআর?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১০:০৫ পিএম

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক সাফল্যের আলোচনা চলার মধ্যেই দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরকে ঘিরে রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনা পুরোপুরি নাকচ করে দিয়েছে অভিনেতার কার্যালয়।

অন্ধ্রপ্রদেশের রাজনীতির সঙ্গে জুনিয়র এনটিআরের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় যে, তিনি খুব শিগগিরই সক্রিয় রাজনীতিতে নামতে পারেন। কিন্তু মঙ্গলবার (১৪ মে) অভিনেতার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের খবর সঠিক নয়।বিবৃতিতে বলা হয়, ‘আর এনটিআর’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ নামে একটি উদ্যোগের আয়োজন করছে। সংগঠনটির কিছু কার্যক্রম দেখে অনেকের মনে হতে পারে যে, এর সঙ্গে জুনিয়র এনটিআরের কোনো সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ ভুল বলে জানানো হয়েছে।

অভিনেতার কার্যালয় স্পষ্ট করে জানিয়েছে, ‘আর এনটিআর’ সংগঠনের সঙ্গে জুনিয়র এনটিআর বা তার অফিসের কোনো ধরনের যোগাযোগ নেই। পাশাপাশি ওই সংগঠনকে কখনোই অভিনেতার প্রতিনিধিত্ব করা কিংবা তার পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার অনুমতিও দেওয়া হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, জুনিয়র এনটিআরের পক্ষ থেকে যদি কোনো সমাজসেবামূলক কার্যক্রম, সরকারি ঘোষণা বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, তবে তা শুধুমাত্র অভিনেতা নিজে অথবা তার অনুমোদিত সহযোগী দলের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এছাড়া এই বিষয়ে এটিই তাদের শেষ বক্তব্য উল্লেখ করে অভিনেতার অফিস আশা প্রকাশ করেছে, এর মাধ্যমে জুনিয়র এনটিআরকে ঘিরে ছড়িয়ে পড়া সব ধরনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটবে।উল্লেখ্য, ‘আর এনটিআর’ নামে সংগঠনটি ‘ওরু ভাডা’ উদ্যোগের মূল উদ্দেশ্য তুলে ধরতে আগামী ১৮ জুলাই সকাল ১০টায় তিরুপতির তাজ হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এই ঘোষণার পর থেকেই অনেক অনুরাগী ধারণা করেছিলেন, জুনিয়র এনটিআর হয়তো রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিতে যাচ্ছেন। তবে অভিনেতার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তিনি এমন কোনো সিদ্ধান্ত নেননি।

/বিএসএস