ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই দুর্ঘটনার কথা ভক্তদের জানিয়েছেন।
পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা লিখেছেন, “কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।”
তিনি আরও বলেন, রাস্তায় চলাচলের সময় অনেকেই মনে করেন, একটু বেশি গতিতে চালালে সমস্যা হবে না কিংবা নিজের চালানোর দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস দেখান। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারে না।
জোভানের ভাষায়, “রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।”
পোস্টে তিনি মোটরসাইকেল চালকদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান। হেলমেট ব্যবহারের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, পরিবারের সদস্য ও প্রিয়জনদের কথা মাথায় রেখেই নিরাপদে চলাচল করা উচিত।
তিনি লেখেন, “ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।”
পোস্টের শেষদিকে নিরাপদ যাত্রার গুরুত্ব তুলে ধরে অভিনেতা বলেন, গন্তব্যে কয়েক মিনিট দেরিতে পৌঁছানো যেতে পারে, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জোভানের এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সতর্কতামূলক এই বার্তার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
/এসএন