• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৫ এএম


ব্রাজিলপ্রেমে এক সুরে অপু-বুবলী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১১:১৪ পিএম

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উন্মাদনা। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই তালিকায় এবার ব্রাজিলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন তিনি। হলুদ-সবুজ জার্সিতে অভিনেত্রীর সেই ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পোস্টটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ এই সংক্ষিপ্ত বার্তার মধ্য দিয়েই তিনি স্পষ্ট করে দিয়েছেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, তার সমর্থন থাকবে ব্রাজিলের পক্ষেই।

শুধু বর্তমান দল নয়, শৈশবের ফুটবল স্মৃতিও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি তারকাদের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলকে সমর্থন জানানো দেশের তারকাদের মধ্যে রয়েছেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। নিজের প্রিয় দল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।’

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

প্রথম রাউন্ডে মরক্কোর বিপক্ষে ম্যাচের পর আরও দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে নিজেদের ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে এবার মাঠে নেমেছে দলটি।

/এসএন