চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় বুলিং ও হেনস্তার অভিযোগে আলী আহসান মুজাহিদের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করেছে সংগঠনটি।
রোববার (২৪ মে) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশ্রাব্য, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেছেন। এ ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা, প্রতিবাদ এবং যথাযথ বিচারের দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারী শিক্ষার্থী আলী আহসান মুজাহিদের মন্তব্যের বিষয়টি প্রকাশ্যে আনেন। তার পোস্টে দেওয়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষার্থী অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, যা সভ্য সমাজে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন, মানবিক ও উত্তম চরিত্র গঠনে কাজ করে। কিন্তু আলী আহসান মুজাহিদের মন্তব্য সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
তারা আরও বলেন, এ ধরনের হীন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনটির নেতারা জানান, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করতে ইসলামী ছাত্রশিবির সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
/এসএন