গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা এখনো কাটেনি। নিয়োগের পাঁচ দিন পার হলেও আন্দোলনের মুখে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
গত রবিবার (১৭ মে) আন্দোলনরত শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ২৩ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মামলা দায়ের করে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসলামী ছাত্রশিবিরও মাঠে সক্রিয় রয়েছে। এতে ক্যাম্পাসের উত্তেজনা আরও বেড়ে যায়।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। তবে বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার (১৯ মে) সকালে ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব বলেন, উপাচার্যের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আন্দোলনের কারণে তিনি এখনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের বলেন, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষার্থী ও স্টাফদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। সবার সঙ্গে কথা বলে ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশ করা হবে।”
বর্তমানে বড় ধরনের সংঘর্ষ না থাকলেও প্রশাসনিক অচলাবস্থা ও অনিশ্চয়তা এখনও কাটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।