• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম


ফলাফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় এসএসসি পরীক্ষার্থীর মায়ের শাড়ি গলায় পেঁ/চিয়ে আত্মহ/ত্যা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৭:০৪ পিএম

রাজশাহীর বাগমারায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক হতাশা থেকে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

একপর্যায়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে কারিনা নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। তিনি বলেন, ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। কারিনা চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

/এসএন