এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শুধু শতভাগ পাসই নয়, পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, দুই বিভাগের সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশসেরার স্থান দখল করে আসছে প্রতিষ্ঠানটি।
গত বছরও বিদ্যালয়টির ফলাফল ছিল শতভাগ সাফল্যে ভরা। ২০২৫ সালে ৩২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের সবাই পাস করার পাশাপাশি জিপিএ-৫ অর্জন করে।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, আগের বছরগুলোতেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। ২০২৪ সালে ২৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছিল।
২০২৩ সালে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছিল ২৭০ জন। এর আগের বছর ২০২২ সালে ২৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ পেয়েছিল।
২০২১ সালেও প্রতিষ্ঠানটির ফলাফলে ছিল উল্লেখযোগ্য সাফল্য। ওই বছর ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৭ জন জিপিএ-৫ অর্জন করে। ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন এবং ২০১৮ সালে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছিল।
এরও আগে ২০১৭ সালে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস থেকে ১৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ওই বছর পরীক্ষায় অংশ নেওয়া ১৬৪ জনের সবাই জিপিএ-৫ অর্জন করেছিল।
এভাবে প্রতিষ্ঠার পর থেকে এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। চলতি বছর ৩৮২ জনের সবাই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির সেই সাফল্যের ধারাবাহিকতা আরও একবার উঠে এসেছে।
/এসএন