চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিপরীতে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
প্রকাশিত ফলে যারা প্রত্যাশিত ফলাফল পাননি, তাদের জন্য পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
পুনঃনিরীক্ষণের আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে।
তথ্য প্রদান: প্রথমে নির্ধারিত পোর্টালে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
মোবাইল নম্বর: পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এসএমএসের মাধ্যমে এই নম্বরেই জানানো হবে।
বিষয় নির্বাচন: এরপর স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। কোনো বিষয় দুই পত্রবিশিষ্ট হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
ফি পরিশোধ: পুনঃনিরীক্ষণের জন্য প্রতি পত্রে ১৫০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি দেওয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা পোর্টালের ‘হেল্প’ বাটনে পাওয়া যাবে।
আবেদন জমা: ফি পরিশোধের পর আবার আবেদনের পেজে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষাবোর্ড জানিয়েছে, ফি পরিশোধের পর আবেদনে আর কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে পুনঃনিরীক্ষণের জন্য পরিশোধ করা ফিও অফেরতযোগ্য।
তবে ফি জমা দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।
এ ছাড়া ফি পরিশোধের পর কোনো শিক্ষার্থী নতুন কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে আগের একই প্রক্রিয়া অনুসরণ করে তা করতে পারবেন। এ ক্ষেত্রে আগের মোবাইল নম্বরই ব্যবহার করতে হবে।
শিক্ষাবোর্ড স্পষ্ট জানিয়েছে, ই-পোর্টাল ছাড়া অন্য কোনো মাধ্যমে বা ম্যানুয়ালি পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।
/এসএন