• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম


‘পুরনো পদ্ধতিতেই একাদশে ভর্তি হবে শিক্ষার্থীরা’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:২২ পিএম

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের নিয়মেই সম্পন্ন হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মার্কস বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একাদশ শ্রেণিতে ভর্তির পদ্ধতি নিয়ে জানতে চাইলে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্কস বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।’

তিনি আরও বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে তিনি দেখেছেন, ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে শিক্ষার্থীদের ফেল করার হার তুলনামূলকভাবে বেশি। তার মতে, তিনি যখন পরীক্ষা দিয়েছেন, তখন থেকে বর্তমান সময় পর্যন্ত এই দুই বিষয়ে ফেল করার হার পাসের হার কমিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলছে।

এদিকে পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এ পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

/এসএন