• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম


ফ্যান-লাইটসহ নানা সুবিধা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন শাটল ট্রেন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৮:৫৪ পিএম

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ বগির একটি নতুন শাটল ট্রেন উদ্বোধন করা হয়েছে। পুরোনো বগিগুলোর বিভিন্ন ত্রুটি দূর করে নতুন সুবিধা সংযোজনের মাধ্যমে ট্রেনটি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের বটতলী স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করেছি এখনো তিন মাস হয়নি। ইতোমধ্যেই ক্যাম্পাসে একটা বড় সংযোজন হয়েছে, আমরা অনেক দিনের পুরোনো একটা রেল পরিবর্তন করে নতুন ট্রেন নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘চবি শিক্ষার্থীদের জন্য নতুন শাটল ট্রেন এসেছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা দাবি জানিয়েছিলাম, দুইটা ট্রেনে যেহেতু শিক্ষার্থীদের সংকুলান হচ্ছে না, সেহেতু নতুন করে আরেকটা ট্রেন যাতে চালু করা হয়। আশাকরি, দ্রুত শিক্ষার্থীদের সে আশাও পূরণ হবে।’

পরিবহন ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে দুটি শাটল ট্রেন চলাচল করে। এর মধ্যে একটি ট্রেনের সবগুলো বগি পরিবর্তন করে নতুন বগি সংযোজন করা হয়েছে।

তিনি জানান, পুরোনো বগিগুলোতে বেশ কিছু মৌলিক সমস্যা ছিল। অনেক বগিতে ফ্যান কাজ করত না, লাইট ভাঙা ছিল, সিলিং নষ্ট ছিল এবং ফ্লোরেরও বিভিন্ন সমস্যা ছিল। নতুনভাবে সংযোজিত ও মেরামত করা বগিগুলোতে এসব ত্রুটি দূর করা হয়েছে। ফলে এখন থেকে শিক্ষার্থীরা আরও উন্নত সুবিধা উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন সেবা চালু করা হয়।

/এসএন