আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয়ও কমানো যাবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন।
এই আন্দোলনের মধ্যেই জাতীয় সংসদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়ে সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
/এসএন