• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম


চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা নতুন প্রশ্নপত্রে হবে: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১০:৩২ পিএম

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। ফলে এসব পরীক্ষা পুনরায় গ্রহণ করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যখন অন্য একটি প্রশ্নপত্র সেটে অনুষ্ঠিত হবে, একই সময় স্থগিত হওয়া পরীক্ষাগুলোও নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে।

বক্তব্যের একপর্যায়ে সাম্প্রতিক সময়ে নিজের একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার প্রসঙ্গও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেননি। তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার ৮, ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা পর্যায়ক্রমে স্থগিত ঘোষণা করে।

উল্লেখ্য, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র। এছাড়া ১৫ জুলাই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং ১৬ জুলাই ভূগোল প্রথম পত্র, উচ্চাঙ্গসংগীত প্রথম পত্র, পালি প্রথম পত্র ও আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

/এসএন