• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম


চার সন্তান থেকেও একা, বন্ধ ঘরে মিলল ৭০ বছর বয়সী মায়ের অর্ধগলিত মরদেহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ৭:২৭ পিএম

চার সন্তান থেকেও একা, বন্ধ ঘরে মিলল ৭০ বছর বয়সী মায়ের অর্ধগলিত মরদেহরাজশাহীতে নিজ বাড়ির একটি বন্ধ কক্ষ থেকে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেলী খাতুন ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী।নিহতের চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে থাকেন। অন্য ছেলে ঢাকায় বসবাস করেন। স্বামীর মৃত্যুর পর কয়েক বছর ধরে ওই বাড়ির দোতলায় একাই থাকতেন বেলী খাতুন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির ভাড়াটিয়া ও প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।বাড়ির ভাড়াটিয়া মো. মারুফ জানান, শুক্রবার সর্বশেষ বেলী খাতুনকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তবে রোববার রাতে বন্ধ কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তাঁদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এ সময় বাড়িটির সামনে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে।পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/বিএসএস