• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম


নিজ কন্যাকে ধ’র্ষণের অপরা’ধে বাবার মৃ’ত্যুদ’ণ্ডের রা’য়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ৩:৫৫ পিএম

বগুড়ার শেরপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলী আসগর।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে আব্দুল খালেক তার নিজ মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকি দেন খালেক।

এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে একপর্যায়ে সে তার সৎ মাকে ঘটনার কথা জানায়। তবে শিশুটির অভিযোগ বিশ্বাস না করে উল্টো তার ওপর নির্যাতন চালানো হয়।

পরে নির্যাতন থেকে রক্ষা পেতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয়রা থানায় অভিযোগ করেন। এরপর ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষ হওয়ার পর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও উপস্থাপিত বিভিন্ন প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন। এর ভিত্তিতে আব্দুল খালেককে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে উপস্থাপন করা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেই বিচারক এ রায় দিয়েছেন।

/এসএন