• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম


 ডেমরা, বিমানবন্দর ও বিজয় সরণিতে মর্মান্তিক দুর্ঘটনা; নি/হত ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৭:২৯ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ডেমরার এক্সপ্রেসওয়ে সেতুর ওপর দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। এর আগে বুধবার রাতে পৃথক দুটি দুর্ঘটনায় বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম (৫০) এবং মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলী (৫০) প্রাণ হারান।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ের সেতুর ওপর দ্রুতগতির একটি গাড়ি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল। দুর্ঘটনায় মরদেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেলা ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অন্যদিকে বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ান-স্টপ সিএনজি পাম্পের সামনে প্রধান সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মো. নজরুল ইসলাম (৫০)। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নজরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুর গ্রামে। তাঁর ছোট ভাই হাবিবুর রহমান জানান, একটি মামলা-সংক্রান্ত কাজে দুই থেকে তিন দিন আগে নজরুল ইসলাম ঢাকায় আসেন এবং লালবাগে তাঁর ভাগনির বাসায় অবস্থান করছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। প্রায় ২০ বছর সৌদি আরবে থাকার পর দেড় বছর আগে দেশে ফেরেন।

এদিকে বুধবার মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে আরেকটি সড়ক দুর্ঘটনায় নিহত হন বিদ্যুৎমিস্ত্রি ইয়াকুব আলী (৫০)।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইয়াকুবের ছেলে মানিক ইয়াসিন জানান, তাঁর বাবা পোস্তগোলা ব্রিজ এলাকায় কাজ শেষ করে রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলের পেছনে বসে বাসায় ফিরছিলেন। রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটির চালক ইয়াকুব আলীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে চিকিৎসক ইয়াকুব আলীকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।

ইয়াকুব আলীর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওলানিয়া গ্রামে। তিনি রাজধানীর পল্লবীতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।

/sh