• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম


আম খাওয়ার পর ডায়রিয়া, নারীর মৃত্যু; হাসপাতালে একই পরিবারের ৪ জন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ১১:১৬ পিএম

খুলনার কয়রা উপজেলায় আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একই পরিবারের আরও চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১০ জুন) উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম লতিকা সানা (৫৫)।

অসুস্থরা হলেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা সবাই নিহতের পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) রাতে পরিবারের পাঁচ সদস্য হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে তাদের পেটের সমস্যা শুরু হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকালে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরিবারের নিকটাত্মীয় নীতিশ সানা জানান, রাতে আম খাওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোর থেকে একে একে তাদের ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই লতিকা সানার মৃত্যু হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

তিনি আরও বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে। আবার সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আম খাওয়ার পর একই পরিবারের একাধিক সদস্যের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

/এএসএফ