• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০১ এএম


দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ মে ২০২৬ ৮:০৯ পিএম

ভারতের পুনে জেলায় বিষাক্ত দেশি মদ পান করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেথানল মেশানো দেশি মদ পান করার কারণেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।স্থানীয় পুলিশ জানিয়েছে, ফুগেওয়াড়ি ও দাপোডি এলাকায় ১৩ জন এবং হাদাপসার ও কালেপাদাল এলাকায় আরও পাঁচজন মারা গেছেন।

শুরুতে ঘটনাগুলোকে পৃথক অসুস্থতার ঘটনা হিসেবে দেখা হলেও পরে নিহতদের মধ্যে একই ধরনের উপসর্গ—তীব্র মাথা ঘোরা, বমি ও পেট ব্যথা—দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়।ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের সমতুল্য অপরাধ, বিষাক্ত পদার্থ ব্যবহার এবং নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে।

এ ঘটনায় যোগেশ ওয়ানখেড়ে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসমর্পণের পর তাকে আটক করা হয়। তদন্তে জানা গেছে, তিনি পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় মেথানল মিশ্রিত বিষাক্ত মদ সরবরাহ করতেন।রাজ্য আবগারি দপ্তরের পুলিশ সুপার অতুল কানাডে বলেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে মদের সঙ্গে মেথানল মিশিয়েছিল, যার ফলে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় চৌবে জানান, এ ঘটনায় মোট সাতজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুলিশ হেফাজতে এবং দুজন রাজ্য আবগারি দপ্তরের হেফাজতে রয়েছে। পরে মামলাটির তদন্তভার ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাপোডি, ফুগেওয়াড়ি ও হাদাপসার এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ দেশি মদের ব্যবসা চললেও পুলিশ ও আবগারি বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়নি।নিহতদের স্বজনরা জানান, মদ পান করার মাত্র ১০ মিনিটের মধ্যেই আক্রান্তদের বমি, তীব্র পেট ব্যথা ও শারীরিক জটিলতা শুরু হয়।

এরপর দ্রুত তাদের অবস্থার অবনতি ঘটে।ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ প্রশাসনকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুরো চক্রকে চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

/বিএসএস