ব্রাহ্মণবাড়িয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া করা বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় অবস্থিত ‘তিতাস টুইন টাওয়ার’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বিচারক সৈয়দ আমিনা ফারহিন ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না। ঈদের ছুটি উপলক্ষে তিনি ফ্ল্যাটে তালা দিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ভবনটির কেয়ারটেকার রতন মিয়া।
ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোরের দিকে তিন সদস্যের একটি চোরচক্র ভবনের পেছনের অংশের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে যায়। পরে তারা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ফ্ল্যাটে ঢোকার পর চোরেরা ঘরের ভেতরে থাকা দুটি আলমিরা ভেঙে সেখানে থাকা মালামাল নিয়ে যায়। পাশাপাশি ঘরের অন্যান্য সামগ্রীও চুরি করা হয়েছে বলে জানা গেছে।
সকালে স্থানীয়দের নজরে বিষয়টি আসার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক ছুটিতে থাকায় সেই সুযোগ কাজে লাগিয়েই চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাসা থেকে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিরূপণের চেষ্টা চলছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
/এসএন