নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পাঞ্চল আশুলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নবীনগর হয়ে বাইপাইল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এবং নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে বাড়ইপাড়া পর্যন্ত আরও প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে একযোগে বিপুল সংখ্যক মানুষ বাড়ির পথে রওনা হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এছাড়া বিভিন্ন স্থানে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় পরিস্থিতি আরও খারাপ হয়।
সাভার পরিবহনের যাত্রী মুন্না হোসেন বলেন, “বিকেল ৪টার দিকে গাবতলী থেকে রওনা দিয়েছি। কিন্তু সন্ধ্যার আগ পর্যন্ত বাইপাইলেই আটকে আছি।”
সেলফি পরিবহনের চালক মারুফ জানান, দুপুরের পর থেকেই যাত্রীর চাপ অনেক বেড়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার বিশমাইল অংশে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণেই যানজট ছড়িয়ে পড়ে।
এদিকে মহাসড়কের যানজটের প্রভাব আশপাশের সংযোগ সড়কেও পড়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে শিশু, বৃদ্ধ ও নারী যাত্রীরা গরমে চরম দুর্ভোগে পড়েন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, “যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে। তবে যত্রতত্র গাড়ি থামানোর কারণেই মূলত এ পরিস্থিতি তৈরি হয়েছে।”
/এএসএফ