গাজীপুরের কাপাসিয়া উপজেলার আলোচিত পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকেই ফোরকান নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছিল। এর আগে পদ্মা সেতু এলাকা থেকে একটি ব্যাগ ও কিছু কাপড় উদ্ধার করা হয়, যা পরে ফোরকানের বলে শনাক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার পর তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন।গত ৮ মে রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।
পুলিশ জানায়, ঘটনার পরদিন সকালে ফোরকান তার স্বজনকে ফোন করে হত্যার বিষয়টি জানান বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে মরদেহগুলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন।ঘটনাস্থল থেকে কিছু বোতল, খাবার ও কাগজপত্র উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে ফোরকান ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এছাড়া কিছু অভিযোগপত্রও তদন্তকারীদের হাতে এসেছে।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ঘটনাটির পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
/বিএসএস