• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম


মায়ের জন্য পান কিনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু হাসপাতালে মারা গেছে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ১১:৩১ এএম

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমি আকতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।এর আগে গত ৭ মে নগরের রৌফাবাদ বিহারী কলোনি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় রেশমি। সে বায়েজিদ থানা এলাকার বাসিন্দা ছিল।চিকিৎসকেরা জানান, গুলিতে রেশমির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় অকার্যকর হয়ে পড়ে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়।

আহত হওয়ার পর প্রথমে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়েছিল। পরে আইসিইউ শয্যা সংকটের কারণে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাইবোনের মধ্যে রেশমি ছিল সবার ছোট। স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। ঘটনার রাতে মায়ের জন্য পান কিনতে দোকানে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয় রেশমি।ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

/বিএসএস