• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম


স্কুলড্রেস পরে মসজিদে নেচে টিকটক ভিডিও, বিদ্যালয় থেকে বহিষ্কার নবম শ্রেণির ছাত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৪:০২ পিএম

স্কুলড্রেস পরে মসজিদের ভেতরে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও তৈরি করার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১১ মে) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থী বিদ্যালয়ের নবম শ্রেণির (ভোকেশনাল) ছাত্রী।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই শিক্ষার্থী স্কুলড্রেস পরা অবস্থায় একটি মসজিদে গিয়ে টিকটক ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। বিদ্যালয়ের পরিবেশ ও সুনাম রক্ষার দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয়, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।”

এদিকে বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীর বাবা সাজু মিয়া। তিনি বলেন, “আমার মেয়ে না বুঝে ভুল করেছে। এজন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। এই ঘটনা তার জীবনে একটি কলঙ্ক হয়ে থাকবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠীও এই সিদ্ধান্তকে কঠোর বলে মন্তব্য করেছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি জানান, বহিষ্কারের বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, “একজন শিক্ষার্থীকে এভাবে বহিষ্কার না করে তাকে বোঝানো উচিত ছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

/এসএন