• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম


চায়ের দোকানে বি’বাদ মেটাতে গিয়ে প্রা’ণ গেল জাকারিয়ার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ৯:১৮ পিএম

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে চলা ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় দোকানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া ঝগড়া থামাতে এগিয়ে যান।

এ সময় এক ব্যক্তি জাকারিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এসএন