• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম


টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে দুদিনে আহত ৫৪ জন, আতঙ্কে এলাকাবাসী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৪:০৫ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি উন্মত্ত কুকুরের কামড়ে দুদিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার ও সোমবার উপজেলার সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া ও দামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে কালিয়া ইউনিয়নের দেবলচালা এলাকায় প্রথম কয়েকজনকে কামড় দিয়ে কুকুরটি পৌর শহরের দিকে চলে যায় এবং পথে পথে আরও অনেককে আক্রমণ করে।

পরে রাতে এটি বিভিন্ন গ্রাম ঘুরে সোমবার সকালে আবারও নতুন করে কয়েকজন নারী ও শিশুকে কামড় দেয়। আক্রান্তদের মধ্যে অন্তত ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুই দিনে মোট ৫৪ জন চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আব্দুর রশিদ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন জানিয়েছেন, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে। তবে এ ধরনের ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কুকুরটি শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।