কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো টাঙ্গাইল সফরে গিয়ে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান-এ কৃষি মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি টাঙ্গাইলে প্রথম সফর হওয়ায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সরকারি এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ভর্তুকিতে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ ও কৃষি বীমাসহ ১০ ধরনের সুবিধা পাবেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের পেশাজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া, তাদের আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এর আগে সোমবার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরে পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণ করা হবে।