কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১০টার পর শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানি জমে যায়। বিশেষ করে কান্দিরপাড়ের জিলা স্কুল রোড, চকবাজার, টমছম ব্রিজ, বাগিচাগাও, আদালত সড়ক, মগবাড়ি চৌমুহনী, পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। অনেক দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন, আর সড়কে পানি জমে থাকায় বহু যানবাহন বিকল হয়ে মাঝপথে আটকে যায়।
পথচারীদের অনেকেই ভিজে কষ্ট করে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন, আর বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক খাদিজা আক্তার জানান, বৃষ্টি শুরুর পরই রাস্তাঘাট পানিতে ডুবে যায়, ফলে স্কুলে যেতে তাঁকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পথচারী আরিফুল ইসলাম বলেন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বছরের পর বছর কাজ হলেও এর কার্যকর সমাধান হয়নি। ছাতিপট্টি এলাকার এক ব্যবসায়ী জানান, অল্প সময়ের বৃষ্টিতেই দোকানের ভেতরে পানি ঢুকে পড়ে। অন্যদিকে অটোরিকশাচালক রুহুল আমিন বলেন, শহরের বেশিরভাগ সড়ক পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করার কারণেই সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ড্রেন ও খালের পানিপ্রবাহ ধীর হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে এবং যেসব স্থানে ময়লা ও পলিথিনে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো দ্রুত পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।