ভুয়া কাবিননামা ও জন্মনিবন্ধনে মামলা, বাদী তরুণীর ৭ দিনের কারাদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাল নথি তৈরি করে এক যুবকের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় বাদী মোছা. নুরহাত জাহান লিজাকে (১৮) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবী ক্ষমা প্রার্থনা করায় তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা ভুয়া জন্মনিবন্ধন ও কাবিননামা তৈরি করে তৌফিক হাসানসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।
মামলার শুনানির সময় দাখিল করা জন্মনিবন্ধন ও কাবিননামা ভুয়া বলে প্রমাণিত হয়। কাবিননামার ১৫ নম্বর কলামে তাৎক্ষণিক দেনমোহরের অঙ্কে ২ হাজার টাকা এবং কথায় ২০ হাজার টাকা উল্লেখ করা ছিল। এ ছাড়া কাবিননামায় বিতর্কিত বক্তব্য থাকাসহ কাজীর স্বাক্ষর না থাকায় দাখিল করা নথিগুলো জাল বলে প্রমাণিত হয়।
এরপর আদালত মামলাটি বাতিল করে আসামি তৌফিক হাসান (২১), মো. আনোয়ার হোসেন (৫০) ও মোছা. টপি বেগমকে (৪৫) বেকসুর খালাস দেন। তাঁদের সবার বাড়ি গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ মিয়াপাড়া গ্রামে।
জাল নথি তৈরি করে প্রতারণামূলকভাবে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী নুরহাত জাহান লিজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাদীপক্ষের আইনজীবী আদালতে ক্ষমা প্রার্থনা করায় তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সহকারী এপিপি মো. সাজ্জাদ হোসেন বলেন, অন্যকে হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের প্রতারণামূলক মামলা করা হয়েছিল, যা আদালতে প্রমাণিত হয়েছে। এ ধরনের মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ন্যায়বিচার করেছেন।
/এএসএফ