• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম


নারায়নগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্রগুলো দেখতে পেয়ে সেগুলো আড়াইহাজার থানায় নিয়ে যান। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে অস্ত্র ও গুলি হস্তান্তর করেন তিনি।

আড়াইহাজার থানার এসআই শফিউল ইসলাম বলেন, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এএসএফ