• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ এএম


ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রা/ন্ত হয়ে প্রা/ণ গেল টিপু সুলতানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৫:০০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন টিপু সুলতান (৪০)। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বালিয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর সংলগ্ন আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নেন।

ম্যারাথনের প্রায় অর্ধেক পথ অতিক্রম করে বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন টিপু সুলতান। বিষয়টি জানতে পেরে ইভেন্টের মেডিক্যাল টিমের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে টিপু সুলতানকে মদনপুরের আল-বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মুখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, ‘সারা দেশ থেকে আসা অ্যাথলেটদের সঙ্গে টিপু সুলতানও স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশ নিয়েছিলেন। অসুস্থ হওয়ার পরপরই আমরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তার আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

টিপু সুলতানের মৃত্যুতে প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে নিজের ব্যক্তিগত সহকারী টিপু সুলতানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

/এসএন