• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ এএম


গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৪:৪৪ পিএম

দিনের পর দিন ফিলিং স্টেশনে অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশাচালক।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকেই নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন চালকরা। তাদের অবরোধের কারণে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাননি। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।

শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য কয়েকশ সিএনজি অটোরিকশাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে চালকরা সড়কে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।

শাহিদুল নামে এক চালক বলেন, ‘২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছি না। কখন গ্যাস পাব, সেটাও কেউ বলতে পারছে না। এভাবে দিনের পর দিন বসে থাকলে পরিবার নিয়ে কীভাবে চলব?’

নাম প্রকাশ না করার শর্তে আরেক চালক বলেন, দুই দিন ধরে তিনি গাড়ি চালাতে পারেননি। এতে কোনো আয় হচ্ছে না। অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে। তার ভাষায়, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যদি গ্যাস না পাওয়া যায়, তাহলে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে।

সরকার হোসেন নামে আরেক বিক্ষুব্ধ চালক বলেন, চট্টগ্রাম শহরের সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কর্তৃপক্ষ যদি এই সংকটের সমাধান করতে না পারে, তাহলে রাস্তায় নামা ছাড়া তাদের আর কোনো পথ নেই।

ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশন কর্তৃপক্ষেরও কিছু করার নেই।

চালকরা জানান, গ্যাস সংকটের কারণে শুধু তাদের আয়-রোজগারই বন্ধ হয়ে যায়নি, দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে চালকদের সড়ক অবরোধের কারণে শুক্রবার সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে।

তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি নন বিক্ষুব্ধ চালকরা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

/এসএন