• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ এএম


চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রী নিহত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৪:১৭ পিএম

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে কিছুটা পূর্ব দিকে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭।

পরিচয়পত্রে তায়েবার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এএসএফ