• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম


পেপার ওয়েট নিক্ষেপে শিক্ষানবিশ আইনজীবী আহত, বিচারকের অপসারণ দাবিতে বিক্ষো/ভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৬:৫২ পিএম

গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ আদালত চত্বর এবং শহরের বিভিন্ন সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সকালে আইনজীবীরা গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘এজলাসে রক্ত কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘ঘুষখোরের আস্তানা গোপালগঞ্জে হবে না’

মিছিল শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, যে বিচারক এ ধরনের ঘটনা ঘটাতে পারেন, তার আর সেখানে বিচারকার্য পরিচালনার অধিকার নেই। তারা সংশ্লিষ্ট বিচারকের দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচারকার্য চলাকালে আদালত কক্ষের বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন বিচারপ্রার্থী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। তাদের কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন।

ওই পেপার ওয়েট গিয়ে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

/এসএন