• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম


চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগু/ন নেভাতে গিয়ে প্রা/ণ হারালেন ভ্যানচালক নয়ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ২:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য সংরক্ষণের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে একপর্যায়ে তিনি গুদামের ভেতরে পড়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও নয়নকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুদামের ভেতরে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর অনুসন্ধান চালিয়ে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নেভাতে গিয়ে নয়নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এসএন