• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম


বিয়ের স্টেজে লাইটিংয়ের সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল তরুণ ইভেন্ট ব্যবসায়ীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১০:৪৭ এএম

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত সাইমন মজুমদার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি পরশুরাম বাজারের কলেজ রোডে ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং তার এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে স্বজন, বন্ধু ও স্থানীয়দের ভিড় জমে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হলে স্বজনরা এতে আপত্তি জানান। একপর্যায়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়ার উদ্যোগ নেওয়া হলে স্বজন ও স্থানীয়রা বাধা দেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।

/এএসএফ